আবার উড়বে অ্যারোস্ক্র্যাফট
প্রায় ৭০ বছর পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আকাশে উড়তে দেখা যাবে ভিন্ন ধরনের এক আকাশযানকে। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট গিজম্যাগ এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যারোস্ক্র্যাফট নামের ওই যানটি উড়ানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
অনুমতি পাওয়ার পর পরীক্ষামূলকভাবে নিয়ন্ত্রিতভাবে অ্যারোস্ক্র্যাফটকে উড়ানোও হচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠান অ্যারোস সাংবাদিকদের সুযোগ করে দিয়েছে অ্যারোস্ক্র্যাফটের পরীক্ষামূলক উড্ডয়ন দেখার। এ প্রসঙ্গে নির্মাতা প্রতিষ্ঠানের যোগাযোগ পরিচালক জন কিয়েল জানিয়েছেন, মুক্তভাবে ওড়া প্রথম পরীক্ষামূলক ফ্লাইট কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে।
কিয়েল আরও জানিয়েছেন, পরীক্ষামূলক ফ্লাইটে অ্যারোস্ক্র্যাফটকে ১০০ ফুট উচ্চতায় উড়তে দেখা যাবে। চার শতাধিক ফুট লম্বা অ্যারোস্ক্র্যাফট প্রায় ৬৬ টন কার্গো বহন করতে পারবে বলে জানিয়েছে এর নির্মাতারা। ২০০৬ সাল থেকে এর উন্নয়ন চলছে এবং যুক্তরাষ্ট্র সরকার অ্যারোস্ক্র্যাফটের উন্নয়নের জন্য তিন কোটি ৫০ লাখ ডলার খরচ করেছে।
