পাসওয়ার্ডের বিকল্প হৃৎস্পন্দন
কানাডার টরন্টোভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান বায়োনিম ডিজিটাল ডিভাইসে পাসওয়ার্ডের বিকল্প হিসেবে বানিয়েছে এক অভিনব কব্জিবন্ধনী ‘নাইমি’ (Nymi), যা কিনা ব্যবহারকারীর হৃৎস্পন্দন মেপে নিশ্চিত করবে ব্যবহারকারীর পরিচয়। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, আইফোন থেকে শুরু করে গাড়ির দরজা খোলার কাজেও ব্যবহার করা যাবে নাইমি।
ইলেকট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) সেন্সর দিয়ে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করে নাইমি। এতে ব্যবহারকারীকে পরিচয় করানো একেবারেই সহজ। পরিচয় রেজিস্টার করার জন্য কব্জিবন্ধনীটির উপরে ইসিজি সেন্সর স্পর্শ করে দুই মিনিট অপেক্ষা করতে হবে। এর মধ্যেই ব্যবহারকারীর হৃৎস্পন্দন রেকর্ড করে নেবে নাইমি।
এরপর আইফোনের মতো ডিভাইস আনলক করার জন্য কয়েক সেকেন্ড স্পর্শ করে থাকতে হবে নাইমির সেন্সর। এর মধ্যেই ব্লুটুথের মাধ্যমে ডিভাইসের একটি অ্যাপে জমা করা রেকর্ডের সঙ্গে ব্যবহারকারীর হৃৎস্পন্দন মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে। আর কব্জিবন্ধনীটি খুলে ফেললে নিজে থেকেই লক হয়ে যাবে ডিভাইসটি।
জেসচার কন্ট্রোল প্রযুক্তিও আছে এতে। নাইমি পরিহিত অবস্থায় হাত নাড়িয়ে বা কব্জি বাঁকিয়েই খোলা যাবে গাড়ির দরজা। স্মার্ট ডিভাইসের ইনকামিং মেসেজ বা ইমেইল সম্পর্কে মালিককে জানান দিতে আছে ভাইব্রেশন সুবিধা। আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ এবং ম্যাক ওএসএক্সের সঙ্গে কাজ করবে নাইমি।
বায়োনিমের দাবি, পাসওয়ার্ডের বিকল্প হিসেবে আঙুলের ছাপ বা ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের চেয়েও বেশি নিরাপদ নাইমি। কারণ আঙুলের ছাপ বা মুখাবয়ব নকল করার থেকে হৃৎস্পন্দন নকল করা কঠিন।
৪ সেপ্টেম্বর থেকে ৭৯ ডলার দামে নাইমির প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে বায়োনিম। দাম ১০০ ডলারের নিচেই থাকবে বলে জানিয়েছে ম্যাশএবল।
