২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল টিভি নিয়ে আবারও অনিশ্চয়তা

বহু প্রতিক্ষিত ‘অ্যাপল টিভি’র নতুন সংস্করণ নিয়ে সৃষ্টি হলো নতুন অনিশ্চয়তা। ৫ সেপ্টেম্বর এক প্রতিবেদনে অ্যাপলটিভির নতুন সংস্করণ নিয়ে এ সপ্তাহের সংবাদ সম্মেলনে ঘোষণা আসার সম্ভাবনার কথা জানিয়েছিল প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল। কিন্তু একদিন পরেই এর বিপরীত তথ্য দিয়েছে প্রযুক্তিবিষয়ক আরেক ওয়েবসাইট সিনেট। তবে, ১০ সেপ্টেম্বরের ওই সংবাদ সম্মেলনে অ্যাপল আইফোন ৫এস এবং অল্প দামের আইফোন ৫সি দেখাবে এটা অনেকটাই নিশ্চিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2013, 04:45 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

পানজিভা নামক এক ইনটেলিজেন্স প্লাটফর্মের ব্লগ পোস্টে প্রকাশিত কিছু তথ্যের উপর ভিত্তি করে অ্যাপল টিভির নতুন সংষ্করণ নিয়ে আপডেট আসার সম্ভাবনার কথা জানিয়েছিল ম্যাশএবল। পানজিভা ওই ব্লগপোস্টে অ্যাপল এবং তার পণ্য সরবরাহকারীর মধ্যে কয়েকটি বিল প্রকাশ করেছিল। ওই বিলগুলোর মধ্যে ২৫ অগাস্টের একটি চালান বিলে রয়েছে ‘সেট টপ বক্স উইথ কমিউনিকেশন ফাংশন’ কথা বলা হয়েছে। ঠিক একই ধরনের চালান বিল দেখা গেছে ১১ এবং ১৮ অগাস্টে। 

কিন্তু সিনেটের প্রতিবেদনে বলা হয়েছে, টিভি সেট টপ বক্সের কোনো নতুন সংস্করণ বা হার্ডওয়্যার আপডেট আনছে না অ্যাপল। বরং সফটওয়্যার আপডেট আসছে পুরনো মডেলটির, যোগ হচ্ছে নতুন নতুন ফিচার।

অ্যাপলটিভি নিয়ে এই বিপরীতমুখী প্রতিবেদনের মধ্যেই আইফোন ৫এস আর আইফোন ৫সি নিয়ে কৌতুহলের শেষ নেই অ্যাপল ভক্তদের। এছাড়াও অ্যাপল আইওএস-এর পরবর্তী সংস্করণ আইওএস ৭ আসছে খুব শিগগিরই।