নতুন লোগো দেখাল ইয়াহু
টানা ৩০ দিন হোম পেইজে একের পর এক লোগো পরিবর্তনের পর সেগুলো থেকে একটি চূড়ান্ত লোগো নির্ধারণ করেছে ইন্টারনেটে বিভিন্ন সেবাদাতা ইয়াহু।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, এখন থেকে নতুন লোগোটিই ইয়াহুর হোম পেইজে দেখা যাবে।
বুধবার রাত ১২টায় ইয়াহুর চিফ মার্কেটিং অফিসার ক্যাথি স্যাভিট নতুন লোগোটি চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে বলে নিশ্চিত করেন। এক ব্লগপোস্টে স্যাভিট লেখেন, “আমরা ইয়াহুর নতুন লোগো শেয়ার করতে পেরে আনন্দিত।”
এদিকে ইয়াহুর সিইও মারিসা মেয়ার এক ব্লগপোস্টে জানান, গত ১৮ বছরে আমরা ইয়াহুর লোগো পরিবর্তন করিনি। এবারই প্রথম ইয়াহুর লোগো পরিবর্তন করা হয়েছে। এটি তৈরি করেছে ইয়াহুর নিজস্ব ব্র্যান্ড ডিজাইনার গ্রুপ।
বৃহস্পতিবার সকাল থেকে ইয়াহুর হোম পেইজে পুরনো লোগোর পরিবর্তে নতুন লোগোটি দেখা যাচ্ছে। লোগোর পরিবর্তন সম্পর্কে স্যাভিট জানান, সময়ের প্রেক্ষিতে সবকিছুই আধুনিক হচ্ছে। পুরনো লোগোটির পরিবর্তে সময়োপযোগী ডিজাইন তৈরি করা হয়েছে।
