চীনে ইয়াহু সংবাদ বন্ধ
অগাস্ট মাসে ইমেইল সেবা বন্ধ করে দেওয়ার পর এবার চীনের স্থানীয় বাজারে সংবাদ এবং কমিউনিটি সেবাও বন্ধ করে দিয়েছে ইন্টারনেটে বিভিন্ন সেবাদাতা ইয়াহু। বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বাজার বিশ্লেষকদের মতে, চীনের প্রতিযোগিতামূলক বাজারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিকতে না পেরে চীনের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইয়াহু।
এখন ইয়াহু চীনের হোমপেইজে যাওয়ার চেষ্টা করলেই ব্যবহারকারীরা পৌঁছে যাচ্ছেন চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা ডটকমের সাইটে। চীনের ইয়াহু অনলাইন সার্ভিস পরিচালনার দায়িত্ব ছিল আলিবাবার হাতেই।
ইয়াহু এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও চীনের ইয়াহু কর্মীরা এখন থেকে আলিবাবার কনটেন্ট নিয়ে কাজ করবে, এমন সম্ভাবনার কথা জানিয়েছে বিবিসি।
ইয়াহু চীনের বাজারে ব্যবসা গুটিয়ে নেওয়ার পর বাজার বিশ্লেষকদের অনেকেই বাঁকাদৃষ্টিতে তাকাচ্ছেন আলিবাবার দিকেই। বিশ্লেষকদের মতে ইয়াহু-আলিবাবা জুটি হওয়ার পর সবচেয়ে বেশি লাভ হয়েছে আলিবাবার। ইয়াহু এখন ব্যবসা গুটিয়ে নেওয়াতেও সবচেয়ে বেশি লাভ হল এই ই-কমার্স প্রতিষ্ঠানটিরই।
এ ব্যাপারে অ্যানালাইসিস ইন্টারন্যাশনালের বিশ্লেষক লি ঝি আইটি ওয়ার্ল্ডকে বলেন, “ইয়াহু চীন দীর্ঘদিন ধরে আলিবাবার নিয়ন্ত্রণে ছিল। ইয়াহুর সম্পদের যথেচ্ছা অপব্যবহার করেছে আলিবাবা।”
আলিবাবার ক্ষমতার অপব্যবহার ছাড়াও চীনের বাজারে প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে ধোপে টিকতে পারছিল না ইয়াহু। সেন্সরশিপের কড়াকড়ির মধ্যেও ওয়েইবোর সোশাল নেটওয়ার্কের মতো বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিল ইয়াহু।
