নভেম্বরে আসছে এক্সবক্স ওয়ান
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট ভিডিও গেইম কনসোল এক্সবক্স ওয়ানের নতুন সংস্করণ বাজারে আনার ঘোষণা দিয়েছে। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে ২২ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ১৩টি দেশে এক্সবক্স ওয়ান বাজারজাত করবে মাইক্রোসফট।
মাইক্রোসফটের গেইমিং কনসোল এক্সবক্স ওয়ান বহু কাজে ব্যবহার করা যাবে। এ ডিভাইসটি দিয়ে টিভি দেখার সময়ও স্কাইপ ব্যবহার করা যাবে।
ইলেক্ট্রনিক্স পণ্যনির্মাতা সনির গেইমিং কনসোল প্লেস্টেশন ৪-এর প্রতিদ্বন্দ্বী এ ডিভাইসটি ২০১৪ সালের শুরুতে অন্যান্য দেশেও বাজারজাত করার কথা নিশ্চিত করেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।
মাইক্রোসফট জানিয়েছে, সনির প্লেস্টেশন ৪-এর চেয়ে এক্সবক্স ওয়ানের দাম বেশি হবে। যুক্তরাজ্যে মাইক্রোসফটের এ গেইমিং কনসোলটি কিনতে ৪২৯ পাউন্ড খরচ করতে হবে ক্রেতাদের। এদিকে ৩৪৯ পাউন্ডে সনি বিক্রি করছে প্লেস্টেশন ফোর।
এক্সবক্সের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) ইউসুফ মেহদি বিবিসিকে জানান, মাইক্রোসফট ডিভাইসটির বাজার বিস্তৃত করতে শীঘ্রই কাজ শুরু করবে।
