সব ছাড়েনি নোকিয়া
নোকিয়া তাদের হ্যান্ডসেট ব্যবসা মাইক্রোসফটের কাছে বিক্রি করেছে এ খবরটি এখন পুরনো। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই, নোকিয়া হ্যান্ডসেট ব্যবসা বিক্রি করলেও তার বেশকিছু পেটেন্ট এখনও বিক্রি করেনি।
সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, হয়তো ভব্যিষ্যতে আরও দামের আশায় নোকিয়া স্বত্বগুলো এখনও ধরে রেখেছে।
মাইক্রোসফট নোকিয়ার হ্যান্ডসেট ব্যবসা কিনে নেওয়ার জন্য মঙ্গলবার ৫০০ কোটি ডলার দিতে সম্মতি প্রকাশ করেছে এবং আরও ১২৫ কোটি ডলার দিতে রাজি হয়েছে নোকিয়ার স্বত্বগুলোর লাইসেন্স ১০ বছর ব্যবহারের জন্য। নোকিয়ার স্বত্বগুলোকে বাজারে বেশ উচ্চদরের স্বত্ব হিসেবে বিবেচনা করা হয়।
নোকিয়ার মুখপাত্র মার্ক ডুরান্ট জানিয়েছেন, নোকিয়া তার অনেক স্বত্বেরই লাইসেন্স করেনি। বরং সেগুলোকে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর হাত থেকে রক্ষার জন্য ব্যবহার করেছে।
ডুরান্ট আরও জানিয়েছেন, যখন তাদের কাছে মোবাইল ডিভাইস ব্যবসার মালিকানা আর থাকবে না, তখন তারা ওইসব প্রযুক্তির লাইসেন্সের বিষয়টি দেখবে।
