আসছে আধা মিলিমিটার পুরু কিবোর্ড
কেমব্রিজভিত্তিক নির্মাতা সিএসআর এবার বানিয়েছে বিশ্বের সবচেয়ে পাতলা কিবোর্ড। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবহারকারী যাতে আরামদায়কভাবে এটি ব্যবহার করতে পারেন, সে বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েই মাত্র আধা মিলিমিটার পুরু এই কিবোর্ডটি তৈরি করা হয়েছে।
তারহীন প্রযুক্তির বিভিন্নরকম ইলেকট্রনিক গ্যাজেট তৈরির জন্য সিএসআর পরিচিত। প্রতিষ্ঠানটির সবচেয়ে বাজারসফল পণ্যের মধ্যে রয়েছে ওয়্যারলেস বিটস হেডফোন এবং নাইকি রানিং গ্যাজেট।
জার্মানির বার্লিনে কিছুদিন আগে অনুষ্ঠিত আইএফএ কনজিউমার ইলেকট্রনিক ইভেন্টে পাতলা ও ‘নমনীয়’ এই কিবোর্ডটি জনসম্মুখে নিয়ে আসে সিএসআর। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, কিবোর্ডটিতে ওয়্যারলেস এবং টাচস্ক্রিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তারা আরও জানিয়েছে, এখন শুধু এটির একটি নমুনা দেখানো হচ্ছে।
কিবোর্ডটি বাজারে নিয়ে আসার প্রসঙ্গে সিএসআর পরিচালক পল উইলিয়ামসন জানিয়েছেন, এটি বাজারে আসার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে উৎপাদকদের হাতে।
তবে প্রতিষ্ঠানটির পরিচালকের কথায় আভাস পাওয়া গেছে, কিবোর্ডটি হাতে পাবার জন্য অন্তত বছরখানেক অপেক্ষা করতে হবে।।
