২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন জব সাইট লুজমাঙ্কিস ডটকম

চাকরিদাতা এবং সন্ধানকারীদের মধ্যে যোগাযোগ স্থাপনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল লুজমাঙ্কিস ডটকম নামে নতুন জব পোর্টাল। ২৮ অগাস্ট বাংলাদেশের জন্য আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 04:49 PM

Updated : 25 Apr 2022, 07:11 PM

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারম্যান আলী যাকের এবং বিএসএইচআরএম-এর ভাইস প্রেসিডেন্ট সায়েদা ইয়াসমিন। এ সময় লুজমাঙ্কিসের পক্ষ থেকে ছিলেন সিইও নাদিমুর রহমান, পরিচালক জামাল শাহ ও ইন্তেজার আহমেদ এবং সিসিও অমর মগন।

উদ্যোক্তারা জানান চাকরি সন্ধানকারীর দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে সবচেয়ে মানানসই চাকরি খোঁজার সুযোগ রয়েছে লুজমাঙ্কিস ডটকমে। তাদের মতে-- ‘এই সাইটটির কার্যকারিতা বাংলাদেশ তথা বিশ্বের যে কোনো জব সাইটের চেয়ে আলাদা, কারণ এতে রয়েছে ‘ইন্টেলিজেন্ট অ্যালগরিদম।’

লুজমাঙ্কিসে কোনো চাকরির আবেদন করার আগেই অন্যান্য আবেদনকারীর তুলনায় চাকরি পাওয়ার সম্ভাবনা যাচাই করে দেখা সম্ভব। এছাড়া সাইটটির বিল্ট ইন লাইভ চ্যাট প্রযুক্তির সাহায্যে চাকরিদাতা এবং সন্ধানকারী ভিডিও চ্যাট করতে পারবেন। একজন চাকরিদাতা কোনো প্রোফাইল দেখার পর তা  ফেভারিট তালিকায় রাখতে পারবেন।

সাইটটির ‘ম্যাচ পার্সেন্টেজ’ এবং ‘অ্যাডভান্সড ফিল্টারিং সিস্টেম’ ব্যবহার করে সহজেই যোগ্যতর প্রার্থীকে শনাক্ত করতে পারবেন চাকরিদাতারা। এ ছাড়াও ‘প্যাসিভ সিকার সাবসক্রিপশন’ ব্যবহার করে চাকরিদাতারা যোগ্য ব্যক্তিকে খুঁজতে পারবেন।

প্রতিষ্ঠানটির সিইও রহমান বলেন, “এ দেশের মানবসম্পদ খাতে পরিবর্তনের পুরোধা হতে লুজমাঙ্কিস-এর জন্য আমরা সর্বপ্রথম বাংলাদেশকেই বেছে নিয়েছি। কয়েক মাসের মধ্যে আমরা উত্তর আমেরিকার দেশগুলোতেও লুজমাঙ্কিস ডটকম চালু করতে যাচ্ছি।”