সবচেয়ে পাতলা স্মার্টফোন ভিভো এক্স৩
বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন এখন ভিভো এক্স৩। চীনের স্মার্টফোন নির্মাতা বিবিকের তৈরি স্মার্টফোনটির পুরুত্ব ৫.৭৫ মিলিমিটার। ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, জুন মাসের পর এই নিয়ে তৃতীয়বারের মতো হাতবদল হল বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোনের তালিকার শীর্ষস্থানটি।
৫.৭৫ মিলিমিটার ভিভো এক্স৩-তে আছে ৭২০ পিক্সেলের পাঁচ ইঞ্চি স্ক্রিন। স্মার্টফোনটির সামনে পেছনে দুদিকেই রয়েছে এইচডি ক্যামেরা। আরও আছে ১ জিবি র্যাম। স্মার্টফোনটির দাম হবে প্রায় তিনশ’ ইউরো।
সবচেয়ে পাতলা স্মার্টফোনের সর্বশেষ শীর্ষস্থানটি ছিল চীনের আরেক স্মার্টফোন নির্মাতা হুয়াউয়েইয়ের অ্যাসেন্ড পি৬ স্মার্টফোনটির দখলে। জুন মাসে ছয় মিলিমিটার পুরুত্বের অ্যাসেন্ড পি৬ দিয়ে সবচেয়ে পাতলা স্মার্টফোনের তালিকার শীর্ষস্থানটি দখল করে নিয়েছিল হুয়াউয়েই। তালিকায় অ্যাসেন্ড পিসিক্সের পরেই ছিল ৭.৬ মিলিমিটারের আইফোন ফাইভ আর ৭.৯ মিলিমিটারের স্যামসাং গ্যালাক্সি এসফোর।
হুয়াউয়েই অ্যাসেন্ড পি৬ দেখানোর সাত দিনের মাথায় ৫.৬ মিলিমিটারের স্মার্টফোন এক্স৫ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল চীনের আরেক স্মার্টফোন নির্মাতা ইউমেক্স। অভ্যন্তরীণ জটিলতার কারণে এখনই বাজারে আসছে না ফোনটি। তাই আপাতত সবচেয়ে পাতলা স্মার্টফোনের খেতাব থাকছে ভিভো এক্স৩-র দখলেই।
সম্প্রতি স্মার্টফোনের বিশ্ববাজারে কদর বেড়েছে চীনা নির্মাতাদের তৈরি স্মার্টফোনগুলোর। চীনের স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের এই জনপ্রিয়তা কাজে লাগাতে উঠেপড়ে লেগেছে চীনা নির্মাতারা। সেই সূত্র ধরেই যেন প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুরু হয়েছে সবচেয়ে পাতলা স্মার্টফোন বানানোর অনানুষ্ঠানিক এই প্রতিযোগিতা।
