চোখের রোগ নির্ণয়ে স্মার্টফোন
দূরবর্তী স্থানের মানুষের চোখ পরীক্ষা করতে বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন স্মার্টফোনভিত্তিক বহনযোগ্য রোগ নির্ণয় কিট। প্রযুক্তিবিষয়ক সাইট গিজম্যাগ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পিক’ নামের এ কিট ব্যবহারে কম খরচে চোখ পরীক্ষা করা যাবে।
ইউরোপভিত্তিক মোবাইল অ্যাপ নির্মাতা ‘গোল্ডেন গেকো’ এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের চক্ষু বিশেষজ্ঞ গবেষক ড. অ্যান্ড্রিউ বাস্তাওরাসের সহযোগিতায় নতুন এ কিট উদ্ভাবন করেন একদল বিজ্ঞানী।
পিক আই টেস্টিং পদ্ধতিতে রয়েছে একটি মোবাইল অ্যাপ এবং ক্লিপ-অন হার্ডওয়্যার। এটি চলবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে। এর মাধ্যমে চোখের বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ ও রেকর্ড করা যাবে। জিও-ট্যাগিংয়ের মাধ্যমে রোগীর বর্তমান অবস্থান জানা যাবে। এ ছাড়াও ক্লিয়ারনেস অব ভিশন, কালার ভিশন, কনট্রাস্ট সেনসিটিভিটি লেন্স ইমেজিং, রেটিনাল ইমেজিং, ইমেজগ্রেডিংসহ আরও অনেকগুলো ফিচার রয়েছে যন্ত্রটিতে।
পিক টিম জানিয়েছে, পৃথিবীতে ২৮ কোটি ৫০ লাখ মানুষ চোখের রোগে ভুগছে। এর মধ্যে তিন কোটি ৯০ লাখ প্রকৃত অর্থেই অন্ধ। আশার কথা হল, ৮০ ভাগ অন্ধত্বই নিরাময়যোগ্য হলেও এ বিরাট অংশের ৯০ ভাগই বাস করে এমন জায়গায় যেখানে চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য নয়।
পিক উদ্ভাবনের পর চোখের অসুখে আক্রান্ত ব্যক্তিরা পিকের স্বাস্থ্য প্রতিনিধির সঙ্গে দেখা করে স্মার্টফোনে চোখের বিভিন্ন অবস্থার ফলাফল রেকর্ড করবেন। রেকর্ডটি লন্ডনের মরফিল্ডস আই হসপিটালের একজন চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে অনলাইনে শেয়ার করা হবে। পরে দূরবর্তী স্থানে থাকা সে রোগীর সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।
