ইআরপি সফটওয়্যার প্রদর্শনী উদ্বোধন
‘বিজনেস সফটওয়্যার শোকেস’ শীর্ষক তিন দিনব্যাপী ইআরপি সফটওয়্যার প্রদর্শনী শুরু হল রোববার।
সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে বেসিস অডিটোরিয়ামে শুরু হয় এই প্রদর্শনী।
এবারের বিজনেস সফ্টওয়্যার শোকেসে ১১টি বেসিস সদস্য কোম্পানি তাদের বিভিন্ন ইআরপি সফটওয়্যার প্রদর্শন করছে।
ইআরপি সফ্টওয়্যার প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি মো. সবুর খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বেসিস লোকাল মার্কেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শেখ কবির আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বেসিস সভাপতি জানান, বেসিসের এই প্রদর্শনী ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য নিজেদের সফটওয়্যার তুলে ধরার একটি উপযুক্ত প্ল্যাটফর্ম হতে পারে। অন্যদিকে এটি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের চাহিদানুযায়ী সফটওয়্যার খুঁজে পেতে সাহায্য করবে।
প্রদর্শনী ২৭ অগাস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
