উবন্টুর অর্থ সংগ্রহ চলছে
ওপেন সোর্সকোডের লিনাক্স অপারেটিং সিস্টেমভিত্তিক ‘উবন্টু এজ’ স্মার্টফোন তৈরির জন্য অর্থ সংগ্রহ অভিযানে সাড়া পাচ্ছে লন্ডনভিত্তিক নির্মাতা ক্যানোনিকাল। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, এ প্রকল্প ভবিষ্যত মোবাইল কম্পিউটিংয়ে অবদান রাখতে পারে।
উবন্টু স্মার্টফোন নির্মাণের জন্য তিন কোটি ২০ লাখ ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রচারণা শুরুর এক সপ্তাহ পর এক কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। এ ক্যাম্পেইন চলবে ২১ অগাস্ট পর্যন্ত।
ক্যানোনিকাল জানিয়েছে, লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্থ সংগ্রহ করতে না পারলে প্রাপ্ত অর্থ দাতাদের ফেরত দেওয়া হবে। আর প্রকল্পটি সফল হলে মে মাস নাগাদ ৪০ হাজার স্মার্টফোন তৈরির কথা জানিয়েছে নির্মাতারা।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যানোনিকালের প্রতিষ্ঠাতা মার্ক সাটলওয়ার্থ বলেন, উবন্টু স্মার্টফোন নিয়ে মানুষের আগ্রহ যথেষ্ট। ক্যাম্পেইনে সাধারণ মানুষের আগ্রহ দেখে আমরা নিজেরাই অবাক হয়েছি।
নিউ ইয়র্কভিত্তিক সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ব্লুমবার্গ গত সপ্তাহে এ ক্যাম্পেইনে ৮০ হাজার ডলার অনুদান দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওপেন সোর্স উদ্যোগটি তাদের গ্রাহকদের উপকারে আসবে এবং ভবিষ্যতে মোবাইল কম্পিউটিংয়ে এটা প্রভাব রাখতে পারে।
