২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতঃপর প্রকাশ্যে ‘এরিয়া ৫১’

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ সম্প্রতি তাদের বেশকিছু গোপন নথি প্রকাশ করেছে। প্রকাশিত এসব নথির মধ্যে জানা গেছে, দেশটির নেভাডা অঙ্গরাজ্যে ‘এরিয়া ৫১’ নামে পরিচিত যে এলাকাটিতে ভিনগ্রহের প্রাণী এলিয়েন দেখার গুজব ছিল, তা সত্য নয়। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, আসলে এরিয়া ৫১ এলাকাটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান পরীক্ষার গোপন জায়গা হিসেবে ব্যবহৃত হত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 06:02 PM

Updated : 25 Apr 2022, 07:08 PM

এরিয়া ৫১ যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস থেকে ৮০ মাইল উত্তর-পশ্চিমে গ্রুম লেকের কাছে অবস্থিত। এই এলাকা বিষয়ে মার্কিন সরকারের অসম্ভব গোপনীয়তার কারণে বিভিন্ন সময় নানা গুজবের জন্ম দিয়েছে এরিয়া ৫১। এমনকি এ এলাকায় ইউএফও বা ফ্লাইং সসারের আনাগোনার ফলেই এত গোপনীয়তা-- এমন গুজবও ছিল।

প্রকাশিত নথিতে উল্লেখ রয়েছে, বিমানের পরীক্ষা-নিরীক্ষা এবং ইউ-২ পাইলটদের প্রশিক্ষণের জন্য ১৯৫৫ সালে ওই এলাকাটি কর্মকর্তারা নির্বাচন করেছিলেন। এরপরে ইউ-২ বিমান ও তার পরবর্তী সংস্করণের বিমান উড়ার স্বার্থে এলাকাটিতে নির্মিত এয়ারস্ট্রিপ ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। তবে ১৯৭৪ সাল থেকে এ পর্যন্ত এলাকাটি কী কাজে ব্যবহৃত হয়েছে তা সিআইএ প্রকাশিত নথিতে পাওয়া যায়নি।

এবারই প্রথম স্পষ্টভাবে সরকারের কোনো নথিতে এরিয়া ৫১ বিষয়ে তথ্য জনগণের জন্য প্রকাশ করা হয়েছে। ম্যাশএবল জানিয়েছে, ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আওতায় ২০০৫ সালে করা জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির দাবির প্রেক্ষিতে মার্কিন সরকার এসব নথি প্রকাশ করেছে।