মহাকাশেও ত্রিমাত্রিক প্রিন্টার
মহাকাশে ত্রিমাত্রিক প্রিন্টার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। এক প্রতিবেদনে সংবাদসংস্থা সিএনএন জানিয়েছে, নাসা জুনে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ত্রিমাত্রিক প্রিন্টার পাঠানোর পরিকল্পনা করেছে।
পঞ্চম স্পেসএক্স সরবারহ মিশনের সঙ্গে পাঠানোর জন্য নির্ধারিত ত্রিমাত্রিক প্রিন্টারের কাজ সম্পর্কে সংস্থাটি জানিয়েছে, এটি নভোচারীদের প্রয়োজনীয় ছোট যন্ত্রপাতি তৈরি করতে সাহায্য করবে, যাতে করে ১৫ বছরের পুরনো স্টেশনটিকে কার্যকর রাখা যায়।
নাসা এতে এমন একটি সফটওয়্যার লোড করবে, যাতে নভোচারীদের প্রয়োজনীয় জিনিসগুলোর তথ্য আগে থেকেই থাকবে। এমনকি পৃথিবী থেকেও যদি কিছু প্রয়োজন হয়, তাও আপলোড করা হবে।
প্রস্তাবিত ত্রিমাত্রিক প্রিন্টারটির একটি মডেল সম্প্রতি আলাবামার হান্টসেভিলে নাসার মার্শাল স্পেস সেন্টারে পরীক্ষা করা হয়েছে।
