যুক্তরাষ্ট্রে ইমেইলের ‘বর্ডার চেক’
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকউরিটি এজেন্সি (এনএসএ) ইন্টারনেটকে নজরদারির কাজে ব্যবহার করছে। এনএসএ কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই ইমেইল আদান-প্রদানের রেকর্ড রাখছে এবং তা সংরক্ষণ করছে, এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান।
কেবল ইমেইল নয়, যুক্তরাষ্ট্র সরকার পুরো ইন্টারনেট ব্যবস্থাকেই নজরদারীর আওতায় নিয়ে এসেছে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে গার্ডিয়ান আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা দেশের বাইরে যেসব মেইল পাঠান বা যেসব মেইল তাদের কাছে আসে, তার প্রায় সবই এনএসএ পরীক্ষা করে দেখে। এমনকি অনেক বিদেশি মেইলের কপিও সংরক্ষণ করে এনএসএ। এর ফলে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে গার্ডিয়ান।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, নজরদারির এ প্রকল্পটি ২০০৮ সালের আইন মোতাবেক পরিচালিত হচ্ছে। ওই আইন অনুযায়ী সরকার সন্দেহজনক যে কোনো বিদেশি নাগরিকের উপর সার্ভিলিয়েন্স ইস্যু করতে পারবে। গত সপ্তাহে এনএসএর এ নতুন নজরদারি প্রোগ্রামটি প্রকাশিত হয়েছে।
