২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ সাইবার সন্ত্রাসী সনাক্ত

ভাইরাস ছড়িয়ে দিয়ে ব্যাংক ডাকাতিতে অভিযুক্ত লাটভিয়ান নাগরিককে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের আহ্বান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আজিম বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 06:05 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

মুখে মুখোশ পরে কিংবা হাতে বন্দুক নিয়ে নয়, ইন্টারনেটে ভাইরাস ছড়িয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক লুট করেছে একদল সাইবার সন্ত্রাসী। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডাকাতির কাজে ব্যবহৃত ভাইরাসটির নাম গোজি।

বিশ্বের অনেক দেশে ভাইরাসটি ছড়ায় সাইবার অপরাধীদের একটি দুষ্টচক্র। এতে অনেক ব্যাংকসহ সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যও হ্যাক হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন গোপন তথ্য চুরি করে লুটপাট চালিয়েছে বিভিন্ন ব্যাংকে।

এ ডাকাতির অভিযোগে তিনজন শনাক্ত ও গ্রেপ্তার হয়েছেন। রাশিয়ান নাগরিক নিকিতা কুজমিনকে ব্যাংকে সাইবার ডাকাতির অভিযোগে ৯৫ বছরের, লাটভিয়ার নাগরিক ডেনিস কেলোভসকিসকে ৬৭ বছরের এবং রোমানিয়ান মিহাই ইওনাট পাউনেস্কু একই ধরনের অপরাধ বিবেচনায় ৬০ বছরের জেল দেওয়া হতে পারে।

ভাইরাসটির নির্মাতা ও ব্যবহারকারী হিসেবে অভিযুক্ত কুজমিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন, কেলোভসকিস লাটভিয়ায় ও পাউনেস্কু রোমানিয়ায় গ্রেপ্তার হয়েছেন।

এদিকে বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ভাইরাস নির্মাতা লাটভিয়ার নাগরিককে সে দেশে হস্তান্তরের আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে লাটভিয়া।