লেক্সিটিকে কিনছে ইয়াহু
অ্যাপ নির্মাতা লেক্সিটিকে কিনছে ইন্টারনেটে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু। বুধবার উভয় প্রতিষ্ঠানই ঘোষণা করেছে এ তথ্য। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, মারিসা মেয়ার ইয়াহুর সিইও হওয়ার এক বছর পর প্রতিষ্ঠানটির ২০তম বড় অংকের কেনাকাটা এটি।
ছোট ব্যবসার জন্য অ্যাপ বানায় লেক্সিটি। তাদের তৈরি লেক্সিটি লাইভ নামের অ্যাপটি পথ চলার সময় অনলাইন বিক্রেতার ট্রাফিকের খবর দেয়। অন্য অ্যাপটি গুগল শপিংয়ের পণ্যগুলোর তালিকা বানানো সহজ করে।
ইয়াহুর কেনা সবশেষ ২০টি পণ্যের প্রায় সবগুলোই হস্তান্তরের পর স্বাভাবিক কাজ বন্ধ করেছিল। তারপর তাদের কর্মীদের কাজ ছিল ইয়াহু মেইল ও ফ্লিকারের মতো ইয়াহুর সেবাতে কাজ করা। তবে নতুন কেনা লেক্সিটি সেগুলো থেকে ব্যতিক্রম। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর সবগুলো অ্যাপ চলবে এবং আরও ভালো অ্যাপ বানানোর জন্য কাজ করা হবে।
ইয়াহু ও লেক্সিটি উভয় প্রতিষ্ঠানই এ হস্তান্তরের আর্থিক লেনদেন সম্পর্কে কিছু জানায়নি।
