আসছে ব্লু-রের নতুন সংস্করণ
উন্নত প্রিন্টের মুভির জন্য ৩০০ গিগাবাইট ধারণক্ষমতাসম্পন্ন ব্লু-রে ডিস্ক বানানোর পরিকল্পনা করেছে সনি এবং প্যানাসনিক।
ব্লু-রে ডিস্কের নতুন সংস্করণের ব্যাপারে নিজেদের পরিকল্পনা জানিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা সনি এবং প্যানাসনিক। প্রতিষ্ঠানদুটি ঘোষণা করেছে, তারা কমপক্ষে ৩০০ গিগাবাইট ডেটা সংরক্ষণ করতে পারবে এ রকম ব্লু-রে ডিস্ক বানাতে চায়। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৫ সালের মধ্যে পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় প্রতিষ্ঠান দুটি।
সাধারণ ব্লু-রে ডিস্কগুলোতে ৫০ গিগাবাইট পর্যন্ত ডেটা সংরক্ষণ করা যায়। অথচ সনির দেওয়া তথ্য অনুযায়ী, ফোরকে আল্ট্রা হাই ডেফিনেশন মুভির জন্য ১০০ গিগাবাইটেরও বেশি জায়গার প্রয়োজন হয়। মানুষ যাতে এ রকম উন্নত প্রিন্টের মুভি সহজে উপভোগ করতে পারে, সে জন্যই ৩০০ গিগাবাইট ধারণক্ষমতাসম্পন্ন ব্লু-রে ডিস্ক বানাতে চাইছে সনি এবং প্যানাসনিক।
এ প্রসঙ্গে প্রযুক্তি গবেষক ও পরামর্শক প্রতিষ্ঠান গার্টনারের ডিজিটাল ভিডিও এক্সপার্ট পল ও’ডনোভান জানিয়েছেন, অন্যান্য মাধ্যমের চেয়ে অপটিকাল ডিস্কে ডেটা সংরক্ষণ করা সহজ এবং এটি কাউকে পাঠানোও সহজ।
প্রযুক্তি প্রতিষ্ঠান প্যানাসনিক ইতোমধ্যেই ১০০ গিগাবাইট ধারণক্ষমতাসম্পন্ন ব্লু-রে ডিস্ক বানিয়েছে। কিন্তু এটি চালাতে বিশেষ ধরনের প্লেয়ারের প্রয়োজন পড়ে।
