২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ কোটি লিংক অপসারণের অনুরোধ

কপিরাইট আইন লংঘনের অভিযোগে ২০১৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১০ কোটি লিংক বা ইউআরএল অপসারণ করার অনুরোধ এসেছে গুগলের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 05:57 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

সম্প্রতি পাইরেসিবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ১০ কোটি লিংক অপসারণের প্রস্তাব এসেছে সার্চ জায়ান্ট গুগলের কাছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইতিমধ্যে যুক্তরাজ্যে এ অভিযোগে ব্লক করে দেওয়া হয়েছে বেশকিছু সাইট। এর মধ্যে রয়েছে পাইরেট বে, কিকঅ্যাস টরেন্টস, ডাউনলোড৪অল, এইচ৩৩টি, ফেনোপি, মুভি২ কেসহ বিভিন্ন লিংক শেয়ারিং সাইট।

কপিরাইট আইন লংঘনের অভিযোগে ২০১৩ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১০ কোটি লিংক বা ইউআরএল অপসারণ করার অনুরোধ আসে। গত একমাসে গুগল সার্চ লিস্ট থেকে এক কোটি ৪০ লাখ লিংক অপসারণ করা হয়েছে।

২০১২ সালেও গুগলের কাছে অনলাইনে তথ্যের স্বত্বাধিকারী বা তাদের প্রতিনিধির কাছ থেকে পাইরেসির বিষয়ে অভিযোগ আসে। প্রতিবেদনে জানানো হয়, গতবছর পাইরেসির বিরুদ্ধে আসা অভিযোগের তুলনায় এ সংখ্যা দ্বিগুণ। প্রতি সপ্তাহে কপিরাইট বিষয়ে প্রকাশকেরা ট্রান্সপারেন্সি রিপোর্টের মাধ্যমে গুগলের কাছে অভিযোগ জানান।

২০১২ সালে গুগল ট্রান্সপারেন্সি প্রতিবেদন প্রকাশ করা শুরু করে। তখন থেকে এ অভিযোগ ক্রমেই বাড়তির দিকে। গত মাসে গুগলের কাছে এক কোটি ৪০ লাখ অভিযোগ আসে। তিন হাজার ২০০ কপিরাইট হোল্ডার এ লিংকগুলো অপসারণ করার দাবি জানান।

পাইরেসির অভিযোগে অভিযুক্ত ফাইল শেয়ারিং সাইটগুলোর মধ্যে রয়েছে ফেনোপি.ইইউ, এক্সট্রাটরেন্ট.কম, টরেন্টহাউন্ড.কম, ফাইলসটিউব.কম ও বিটটরেন্ট.কম।

প্রতিবেদনে আরও জানানো হয়, যেসব ইউআরএল-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তার অর্ধেকেরও বেশি লিংক পর্নোগ্রাফিবিষয়ক।

গত সপ্তাহে যুক্তরাজ্যের একটি আদালত ব্রিটিশ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে সবচেয়ে বেশি সংখ্যক পাইরেসি হওয়া কয়েকটি সাইট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন।