ক্ষতির মুখে অ্যামাজন
প্রতি শেয়ারে পাঁচ সেন্ট করে আয় করার কথা থাকলেও এ বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে হঠাৎ করেই আর্থিক ক্ষতির ঘোষণা করল অ্যামাজন।
হঠাৎ করেই এ বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে ৭০ লাখ ডলার ক্ষতির ঘোষণা করল অনলাইনে খুচরা বিক্রেতা অ্যামাজন। সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, এ খবরে প্রতি শেয়ারে দুই সেন্ট কমে গেছে অ্যামাজনের শেয়ারমূল্য।
ওয়াল স্ট্রিটের বিশ্লেষকরা আশা করছিলেন, দ্বিতীয় প্রান্তিকে প্রতি শেয়ারে পাঁচ সেন্ট করে আয় করবে অ্যামাজন। বিক্রি বাড়ার পরও এ ক্ষতির সম্মুখিন হল প্রতিষ্ঠানটি। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ২২ ভাগ বৃদ্ধি পেয়ে এক হাজার ৫৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটির বিক্রির পরিমাণ।
সম্প্রতি করা কিছু বড় বিনিয়োগের কারণে ক্ষতির মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি। এর পরও অ্যামাজনের পণ্য কিন্ডল ট্যাবলেট ডিভাইস ও অ্যামাজন প্রাইম ভিডিও স্ট্রিমিং সার্ভিসের মতো পণ্যের উপর দৃষ্টি দিচ্ছেন অ্যামাজন সিইও জেফ বেজোস।
এ বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ৩৭% কমে গিয়েছিল। অ্যামাজনের এই ক্ষতির পরও বিনিয়োগকারীরা বেজোসের দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর আস্থা রাখছেন বলে সিএনএন মন্তব্য করেছে। কেননা, এ বছরের জুলাই মাসেই অ্যামাজনের শেয়ারমূল্য ২০% বেড়ে প্রথমবারের মতো ৩০০ ডলার অতিক্রম করেছিল।
