বৃহত্তম হ্যাকিংয়ের তদন্ত শুরু
সম্প্রতি যুক্তরাষ্ট্রে হ্যাকিংয়ের মাধ্যমে প্রায় ১৬ কোটি ডলার আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বৃহত্তম হ্যাকিং ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংবাদসংস্থা বিবিসি জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের পাঁচজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বর চুরি করে প্রায় ১৬ কোটি ডলার আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা।
এ চুরির ঘটনায় ন্যাসডাক, ভিসা, ডাও জোন্স ও জেসি পেনির মতো প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির শিকার হয়। এ ছাড়াও অর্থ চুরি হয় অন্যতম বড় ক্রেডিট ও ডেবিট কার্ড লেনদেন নিষ্পন্নকারী প্রতিষ্ঠান হার্টল্যান্ড পেমেন্ট সিস্টেমস, ফরাসি বিক্রেতা কেয়ারফোর, বেলজিয়ামের ডেশিয়া ব্যাংক ও সেভেন ইলেভেনের।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির অ্যাটর্নি পল ফিশম্যান বলেন, “এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম হ্যাকিং ও ডেটা চুরির ঘটনা।”
গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে কম্পিউটার হ্যাকিং ও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
