২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা বাড়ল ফেইসবুকের

দ্বিতীয় প্রান্তিকে ফেইসবুক মুনাফা অর্জন করেছে ৩৩ কোটি ডলার আর শেয়ারমূল্য বেড়েছে ১৮ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 04:16 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

সোশাল জায়ান্ট ফেইসবুক পাবলিক কোম্পানিতে পরিণত হওয়ার এক বছর পূর্ণ হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের দ্বিতীয় প্রান্তিকের মুনাফার হিসাব প্রকাশ করেছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রমবর্ধমান মোবাইল ফোনের বিজ্ঞাপনের কারণে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১৮ শতাংশ বেড়েছে।

 ফেইসবুকের দেওয়া হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি দ্বিতীয় প্রান্তিকে মুনাফা আয় করেছে মোট ৩৩ কোটি ৩০ লাখ ডলার। অন্যদিকে গত বছরের তুলনায় এ বছর মোবাইল ফোনে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ৫১ শতাংশ।

ফেইসবুক বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সোশাল নেটওয়ার্কিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা জানিয়েছেন, জুনে ফেইসবুক ব্যবহারকারীরা সাইটটিতে প্রতিদিন প্রায় দুই হাজার কোটি মিনিট কাটিয়েছে।

ফেইসবুকের আয় বিষয়ে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, এ প্রান্তিকে প্রতিষ্ঠানটি পাবলিক কোম্পানি হিসেবে এক বছর পূর্ণ করল এবং ভবিষ্যতের জন্য বেশ ভালো একটি ভিত্তি গড়ে তুলতে পেরেছেন তিনি।