টিভি ডঙ্গল আনছে গুগল
স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটার থেকে টিভিতে বিভিন্ন মিডিয়া চালানো যাবে গুগলের নতুন এই ডঙ্গলের সাহায্যে।
‘ক্রোমক্যাস্ট’ নামে অ্যাপলটিভির প্রতিদ্বন্দ্বী একটি সাশ্রয়ী ডঙ্গল বাজারে ছাড়ছে গুগল। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টিভির এইচডিএমআই পোর্টে সংযুক্ত করার পর ব্যবহারকারীর স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটার থেকে টিভিতেই বিভিন্ন মিডিয়া চালানো যায় সার্চ জায়ান্ট গুগলের নতুন এই ডঙ্গলের সাহায্যে।
ক্রোমক্যাস্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ মার্কিন ডলার। এই ডঙ্গলটি টেলিভিশনের এইচডিএমআই পোর্টে সংযুক্ত করা হলে তারের সংযোগ ছাড়াই কাজ করে। এর ফলে ইউটিউব ও নেটফ্লিক্সের মতো ওয়েবসাইটগুলো টেলিভিশনেই ব্রাউজ করা সহজ হয়ে যাবে।
গুগলের লক্ষ্য হচ্ছে এই ডঙ্গল যেন কয়েকটি অপারেটিং সিস্টেমের সঙ্গে ব্যবহার করা যায়। যেমন অ্যানড্রয়েড অথবা অ্যাপলের আইওএস। এটি গুগলের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ, জানান বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনারের বিশ্লেষক ক্যারোলিনা মিলানেসি।
