মুনাফা বেড়েছে অ্যাপলের
আইফোনের বিক্রি বাড়ায় জুন প্রান্তিকে গত বছরের তুলনায় বেশি মুনাফা ও আয় করেছে অ্যাপল।
টেক জায়ান্ট অ্যাপলের এপ্রিল থেকে জুন প্রান্তিকের মুনাফা গত বছরের তুলনায় এ বছর বেড়েছে। নতুন আসা আইফোন বিক্রিই প্রধানত প্রযুক্তি প্রতিষ্ঠানটির সার্বিক মুনাফা বৃদ্ধি করতে সাহায্য করেছে, এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
গত বছরের জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফাও প্রায় ২২ শতাংশ কম ছিল। গত বছর প্রতিষ্ঠানটির মুনাফার মার্জিন ছিল ৩৬.৯৮ শতাংশ। কিন্তু এ বছর প্রতিষ্ঠানটির মুনাফার মার্জিন এসে দাঁড়িয়েছে ৪২.৮ শতাংশে। মুনাফা মার্জিন বাড়ার কারণে অ্যাপলের আয়ও বেড়েছে। এ বছরের সর্বশেষ প্রান্তিকে মোট তিন হাজার ৫ শত ৩০ কোটি ডলার আয় করেছে অ্যাপল।
এ প্রান্তিকে প্রতিষ্ঠানটি মোট ৬৯০ কোটি ডলার মুনাফা অর্জন করেছে। অ্যাপল জানিয়েছে, তারা এ প্রান্তিকে তিন কোটি ১২ লাখ আইফোন বিক্রি করেছে। গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির আইফোন বিক্রির পরিমাণ ছিল দুই কোটি ৬০ লাখ।
তবে মুনাফা ও আয় বৃদ্ধি পেলেও প্রতিষ্ঠানটির গড় বিক্রয় হ্রাস পেয়েছে বলে জানিয়েছে বিবিসি।
