সাইবার আক্রমণে ক্ষতি ৩০ হাজার কোটি ডলার
সাইবার আক্রমণের কারণে প্রতি বছর সরাসরি প্রায় ৩০ হাজার কোটি ডলার ক্ষতি হলেও বিশ্ব অর্থনীতিতে আনুমানিক এক লাখ কোটি ডলারের প্রভাব পড়ে।
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, সাইবার আক্রমণের কারণে প্রতি বছর আনুমানিক প্রায় ৩০ হাজার কোটি ডলার ক্ষতি হয়। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সাইবার আক্রমণের এ বিষয়টি সেন্টার ফর স্ট্র্যাটিজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইসি) প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে।
সিএসআইসির তৈরি ওই প্রতিবেদন অনুমোদন করেছে আইটি নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি। এর আগে ২০০৯ সালে ম্যাকাফিও এ বিষয়ে গবেষণা চালিয়েছিল। সে সময় তারা জানিয়েছিল, সাইবার অপরাধ এবং সাইবার এসপিওনাজের কারণে বিশ্ব অর্থনীতিতে আনুমানিক এক লাখ কোটি ডলারের প্রভাব পড়ে।
বর্তমানে সাইবার আক্রমণের বিষয়টি বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং অন্যান্য রাজনীতিবিদরা এই সেক্টরে কী পরিমাণ ক্ষতি হয়, তা জানতে চান। প্রতিবেদনের লেখক জানিয়েছেন, তাদের ধারণা অনুযায়ী এ সংক্রান্ত কারণে যুক্তরাষ্ট্রের বার্ষিক ক্ষতির পরিমাণ প্রায় ১০ হাজার কোটি ডলার হতে পারে।
সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ১৭ পৃষ্ঠার ওই প্রতিবেদনে এ সংক্রান্ত বিভিন্ন হিসাব দেওয়া হয়েছে। তবে প্রতিবেদনের শেষ বক্তব্যটি হচ্ছে এর আসল হিসাব বের করা প্রায় অসম্ভব।
