২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়োলাসের ওয়েব স্বত্ব বাতিল

ইয়োলাসের ওয়েব স্বত্বের দাবির বিরুদ্ধে ২০১২ সালে করা মামলায় জিতল গুগল, ইয়াহু এবং জেসি পেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2013, 05:56 PM

Updated : 25 Apr 2022, 07:02 PM

প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়োলাসের ওয়েব স্বত্বের দাবি বাতিল বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মামলায় ওয়েব নির্মাতা স্যার টিম বার্নার্স-লি, ইয়োলাসের বিপক্ষে সাক্ষী দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কম্পিউটার বিজ্ঞানী মাইকেল ডয়েল ১৯৯৪ সালে ইয়োলাস প্রতিষ্ঠা করেন। তিনি দাবি করেছিলেন, তার লেখা প্রোগ্রামের উপর ভিত্তি করেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ইন্টারঅ্যাকটিভ ব্যবহার প্রবর্তিত হয়েছে।

এ বিষয়ে ডয়েলকে ১৯৯৪ সালে স্বত্ব প্রদান করা হয়েছিল। পরবর্তীতে ডয়েল সে স্বত্বের ভিত্তিতে মাইক্রোসফটের বিরুদ্ধে বিনা অনুমতিতে প্রযুক্তি ব্যবহারের অভিযোগে মামলা করেন।

ইয়োলাস ২০০৯ সালে স্বত্ব পাওয়ার পর অ্যাপল, ইবে, গুগলসহ মোট ২০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ধরনের মামলা দায়ের করে। ফলাফলস্বরূপ গুগল, ইয়াহু এবং জেসি পেনি বাদে অন্যান্য প্রতিষ্ঠান ইয়োলাসের সঙ্গে সমঝোতায় আসে।

কিন্তু গুগল, ইয়াহু এবং জেসি পেনি ২০১২ সালে ইয়োলাসের বিরুদ্ধে আদালতে গিয়েছিল। সম্প্রতি আদালত ওই মামলাটিরই রায় দিয়েছে।

রায়ের পর গুগল জানিয়েছে, তারা আদালতের রায়ে সন্তুষ্ট। ইয়োলাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।