মোবাইল চুরি ঠেকাতে নতুন উদ্যোগ
মোবাইল চুরি ঠেকাতে নেওয়া বিভিন্ন ব্যবস্থা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং স্যান ফ্রান্সিসকোতে পরীক্ষা করে দেখা হবে।
বিশ্বব্যাপী মোবাইল চুরি ঠেকাতে নেওয়া হচ্ছে নতুন ব্যবস্থা। আর এ ব্যবস্থাটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং স্যান ফ্রান্সিসকোতে পরীক্ষা করে দেখা হবে। সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আইফোন ৫ এবং স্যামসাং গ্যালাক্সি এস৪ স্মার্টফোনে চুরি ঠেকানোর যে ব্যবস্থা রয়েছে, তা পরীক্ষা করে দেখা হবে।
লন্ডনের মেয়র বরিস জনসন মোবাইল প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন শহর থেকে মোবাইল উৎপাদকদের চুরি ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহবান জানানো হয়েছে।
জনসনের লেখা চিঠির তালিকায় টেক জায়ান্ট অ্যাপল, ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং এবং সার্চ জায়ান্ট গুগলের মতো প্রতিষ্ঠানও রয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের এক জরিপে জানা গেছে, দেশটির প্রতি তিনটি ডাকাতির মধ্যে একটি মোবাইল সংক্রান্ত। এ ছাড়াও জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ৪০ শতাংশ ডাকাতিও মোবাইল চুরি সংক্রান্ত।
নিউ ইয়র্কে মোবাইল ফোন চুরি এতই বেশি যে স্থানীয় পুলিশ মোবাইল চুরির ঘটনাকে ‘অ্যাপল পিকিং’ নাম দিয়েছে।
