দাবানল থেকে বাঁচাবে ‘ডিসপোসেবল’ ড্রোন
বিজ্ঞানীরা দাবানল থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় তথ্য পাঠাতে সক্ষম কাগজের প্লেন ও ম্যাপল পাতার আকৃতির ড্রোন ডিজাইন করেছেন।
এবার দাবানল থেকে বাঁচাতে পারে চালকবিহীন বিমান বা ড্রোন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ড্রোনদুটির একটি কাগজের প্লেনের মতো, আর অন্যটি ম্যাপল পাতার মতো দেখতে।
পল পাউন্ডসের নেতৃতে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের রোবোটিক্স দল দাবানলের সঙ্গে সম্পর্কিত আবহাওয়ার অবস্থা রেকর্ড করার উপযোগী ড্রোনের ডিজাইন করেছেন। ডিসপোসেবল ও নিজে নিজে উড়তে সক্ষম ছোট ড্রোন দুটিতে বিভিন্ন সেন্সর যুক্ত রয়েছে। বনভ‚মি এলাকায় ছেড়ে দিলে এগুলো সম্ভাব্য দাবানল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে।
ড্রোনের প্রথম নমুনাটি কাগজ ভাঁজ করে তৈরি প্লেনের মতো। পচনশীল পদার্থ দিয়ে তৈরি হওয়ায় কাজ শেষ হয়ে গেলে এটি প্রকৃতিতে মিশে যায়। বড় বিমান থেকে এটি ছেড়ে দেওয়া হলে তা তথ্য সংগ্রহের জন্য একটি নির্দিষ্ট এলাকায় অবতরণ করে।
দ্বিতীয় ড্রোনের নমুনাটাও প্রকৃতিতে দ্রুত মিশে যায়। ম্যাপল পাতার আকৃতিতে হেলিকপ্টারের মতো করে বানানো হয়েছে এটি। এর পাতার সঙ্গে একটি অ্যান্টেনাও যুক্ত আছে।
