ধূমপান ত্যাগে মাথায় খাঁচা
ধূমপান ত্যাগের জন্য মাথায় কপার-ওয়ারের তৈরি খাঁচা পরেছেন তুর্কি নাগরিক ইব্রাহিম ইউসেল।
ধূমপান ত্যাগ করার জন্য অভিনব এক পন্থা বের করেছেন এক তুর্কি নাগরিক। ইব্রাহিম ইউসেল নামে ওই ব্যক্তি দৈনিক দুই প্যাকেট সিগারেট গ্রহণ করতেন। কিন্তু বিষয়টির ক্ষতিকর দিক উপলব্ধি করে ধূমপান ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ধূমপান ত্যাগের জন্য তিনি মাথায় কপার-ওয়ারের তৈরি খাঁচা পরেছেন।
খাঁচাটি সবসময় তালাবন্ধ থাকে এবং এর শুধু দুটি চাবি রয়েছে। এ দুটি চাবির একটি তার স্ত্রীর কাছে এবং অন্যটি তার কন্যার কাছে থাকে।
ইউসেল জানিয়েছেন, তার পিতা বেশ অল্প বয়সেই ফুসফুস ক্যান্সারে মারা যান। এ বিষয়টিই তাকে ধূমপান ত্যাগে অনুপ্রেরণা জোগাচ্ছে।
ইউসেল প্রায় ২৬ বছর ধরে ধূমপানে আসক্ত ছিলেন। বর্তমানে তার ধূমপান ত্যাগের বিস্তারিত পরিকল্পনা তিনি ইউটিউবের একটি ভিডিওতে প্রকাশ করেছেন। মজার ব্যাপার হল, ইউসেলের ধূমপানবিরোধী কপার-ওয়ারের খাঁচাটি তিনি নিজেই তৈরি করেছেন।
