কাঠামো বদলাচ্ছে মাইক্রোসফট
নতুন পরিকল্পনায় একাধিক স্ক্রিন এবং গ্যাজেটসের জন্য হার্ডওয়্যার নির্মাণ, অনলাইন সেবা ও অ্যাপ উন্নয়নের দিকে নজর দেবে মাইক্রোসফট।
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট আবারও তাদের ব্যবস্থাপনা কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনছে। কোম্পানিটি ব্যবস্থাপনায় যোগ করছে নতুন কৌশল। সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রোসফট বৃহস্পতিবার তাদের এ নতুন পরিকল্পনা প্রকাশ করে।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার অক্টোবর ২০১২ সালে জানিয়েছিলেন, মাইক্রোসফটকে ডিভাইস এবং সেবা প্রদান কোম্পানিতে রূপান্তরিত করা হবে। তিনি আরও জানিয়েছিলেন, প্রতিষ্ঠানটি একাধিক স্ক্রিন এবং গ্যাজেটসের জন্য হার্ডওয়্যার নির্মাণ, অনলাইন সেবা ও অ্যাপ উন্নয়নের দিকে নজর দেবে।
প্রতিষ্ঠানটির নতুন এ প্রাতিষ্ঠানিক গঠনের নাম দেওয়া হয়েছে ‘ওয়ান মাইক্রোসফট’। বলমার আশা করছেন, নতুন এ পদক্ষেপে ক্রস-গ্রুপ আরও বেশি অবদান রাখবে। সিএনএন জানিয়েছে, এ বিষয়টি বলমার একটি মেমোর মাধ্যমে মাইক্রোসফটের কর্মীদের জানিয়েছেন।
মাইক্রোসফটের নতুন এ পরিকল্পনাটি নিয়ে বিস্তারিত আলোচনা করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি একটি সম্মেলনের আয়োজন করবে বলে জানিয়েছে।
প্রতিষ্ঠানটির এ উদ্যোগ প্রসঙ্গে আইডিসির গবেষক আল হিলওয়া বলেছেন, “সময় পরিবর্তন হচ্ছে এবং মাইক্রোসফটেরও উচিৎ সময়ের সঙ্গে পরিবর্তিত হওয়া।”
