প্রাকৃতিক বিপর্যয়ে রোবট ‘অ্যাটলাস’
প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ, জীবজন্তু ও অন্যান্য সম্পদ রক্ষা করার জন্য দুই হাত-পাবিশিষ্ট এবং চতুর্দিকে হাঁটতে সক্ষম রোবট বানাচ্ছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা।
প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ, জীবজন্তু ও অন্যান্য মূল্যবান সম্পদকে রক্ষা করা রোবটের গুরুত্বপূর্ণ কাজের অংশ হয়ে উঠছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ‘অ্যাটলাস’ নামে একটি হিউম্যানয়েড রোবট তৈরি করা হচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একটি মার্কিন প্রতিরক্ষা গবেষণা প্রকল্পের আওতায় দুই মিটার দীর্ঘ রোবটটি তৈরি করা হয়েছে। রোবটটি জরুরি অবস্থায় আটটি কাজ করতে পারবে। আর এ কাজে ছয়টি টিম সফটওয়্যার উন্নয়ন করছে।
বোস্টন ডায়নামিকস রোবোটিকস ফার্ম মার্কিন সেনাবাহিনীর অর্থসহায়তায় ‘অ্যাটলাস’ রোবটটির উন্নয়ন করেছে।
অ্যাটলাসের রয়েছে দুটি হাত ও পা এবং এটি চারদিকে হাঁটতে পারবে। এটি একটি স্টেরিও লেজার স্ক্যানিং সিস্টেমে দেখতে পারে। এতে দ্রুতগতির নেটওয়ার্কিং সিস্টেম বিল্ট-ইন রয়েছে, যা প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকায় যোগাযোগ করতে পারে।
