চলে গেলেন শব্দবিজ্ঞানের ‘জাদুকর’ অমর বোস
শব্দের বিরক্তি দূর করে যিনি শব্দবিজ্ঞানকে এগিয়ে দিয়েছিলেন সময়ের সঙ্গে, সেই বোস কর্পোরেশনের প্রতিষ্ঠাতা শব্দ প্রকৌশলী অমর জি বোস শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে মারা গেছেন।
তার বয়স হয়েছিল ৮৩ বছর। যুক্তরাষ্ট্রে অভিবাসী এক ভারতীয় বাঙালি পরিবারে ১৯২৯ সালে অমর বোস জন্মগ্রহন করেন।
অমর বোসের ছেলে ড. ভানু বোস শুক্রবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
স্টুডিও এবং বিমানে, যেখানে অবাঞ্ছিত শব্দ এড়ানো অপরিহার্য এমন ক্ষেত্রে বোস সিস্টেমকে শীর্ষস্থানীয় বলে বিবেচনা করা হয়। বোসের নির্মিত স্পিকার উচ্চমূল্যের হলেও নিখুঁত শব্দের জন্য খ্যাতি অর্জন করে।
ক্লাসিকাল সংগীতের ভক্ত এবং পারফেকশনিস্ট বোস ৫০-এর দশকে এমআইটির ছাত্র থাকাকালে বাজারে প্রচলিত স্পিকারের মান নিয়ে অসন্তুষ্টির কারণে শব্দপ্রকৌশল বিষয়ে গবেষণায় আগ্রহী হন। প্রথমে উদ্ভাবিত স্পিকার মানসম্মত না হলে তিনি গবেষণা চালিয়ে যান এবং ১৯৬৮ সালে বাজারে আনেন বোস ৯০১ ডাইরেক্ট/রিফ্লেক্টিং স্পিকার সিস্টেম যা টানা ২৫ বছর যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রয়শীর্ষে ছিল।
বিশাল অঙ্কের অর্থের হাতছানি থাকলেও শব্দপ্রকৌশল বিষয়ে স্বাধীন গবেষণার স্বার্থে অমর বোস কখনোই তার প্রতিষ্ঠান বোজ কর্পোরেশনকে পাবলিক লিমিটেড কম্পানিতে রূপান্তর করেননি। নিজ প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে চার দশকেরও বেশি সময় শিক্ষকতা করেন।
২০০১ সালে তিনি এমআইটি থেকে অবসর নেন।
