যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির তদন্তে ব্রাজিল
টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় ইন্টারনেট এবং ফোন ব্যবহারের তথ্য সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তির আশ্রয় নিয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে ব্রাজিল।
ব্রাজিলের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রমে সহযোগিতা করেছে কি না, সে বিষয়ে ব্রাজিল সরকার তদন্ত শুরু করেছে সোমবার। সম্প্রতি সংবাদমাধ্যম ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিল সরকারের টেলিফোন সেক্টর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান অ্যানাটেল, দেশটির ফেডারেল পুলিশ ও অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে এ তদন্তে সহায়তা করছে।
বিষয়টি নিয়ে ব্রাজিল একাই উদ্বিগ্ন নয়। লন্ডনভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ ‘প্রাইভেসি ইন্টারন্যাশনাল’ একটি মামলা দায়ের করেছে। মামলার নথিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের ইন্টারনেট এবং ফোনের তথ্য সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তির আশ্রয় নিয়েছে।
ব্রাজিল ছাড়াও জার্মানি, ফ্রান্স ও হংকংসহ বিভিন্ন রাষ্ট্র অনৈতিকভাবে তথ্য সংগ্রহের অভিযোগে অভিযোগ দায়ের করেছে।
ব্রাজিলের রাষ্ট্রপতি ডিলমা রুসেফ জানিয়েছেন, এ বিষয়টি জাতিসংঘ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তরে উপস্থাপন করা হবে।
এ বিষয়ে ব্রাজিলের যোগাযোগমন্ত্রী পাওলো বার্নাডো সাংবাদিকদের জানিয়েছেন গোটা ব্যাপারটি নিয়েই তার কোনো সন্দেহ নেই।
