মিশরে টুইটারের স্বয়ংক্রিয় অনুবাদ
টুইটার একটি নতুন সেবা চালু করেছে, যার মাধ্যমে আরবি না জানা ব্যবহারকারীদের জন্য নেতৃস্থানীয় মিশরীয়দের টুইট স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হচ্ছে।
ক্ষমতার পালাবদলে সোশাল মিডিয়ার সবচেয়ে সফল ব্যবহার হয়েছে যে দেশে, সেই মিশরে স্বয়ংক্রিয় অনুবাদ চালু করেছে টুইটার। এর ফলে দেশটির শীর্ষস্থানীয় ও প্রভাবশালীদের করা টুইট আরবি থেকে সরাসরি অনুবাদ হয়ে প্রকাশিত হচ্ছে। সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন ব্যবস্থার ফলে আরবি না জানা ব্যবহারকারীদের কাছেও প্রভাবশালী মিশরীয়দের টুইট পৌঁছে যাচ্ছে।
পরীক্ষামূলকভাবে টুইটার এ সেবা চালু করেছে। এক্ষেত্রে মাইক্রোসফটের বিং ট্রান্সলেটর ব্যবহার করা হচ্ছে।
বুধবার মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হন সে দেশের সেনাবাহিনীর হাতে। এরপর থেকে দেশটির নেতৃস্থানীয়দের টুইট তাদের স্থানীয় ভাষায় অনুবাদ করে দিয়েছিল টুইটার। সামাজিক যোগাযোগের এই সাইটটি মনে করছে এর ফলে নেতৃস্থানীয়দের বক্তব্য জনগণের কাছে সহজবোধ্য হয়ে উঠেছে।
এই নেতৃস্থানীয়দের মধ্যে মোহাম্মদ মুরসি ছাড়াও বিরোধীদলীয় নেতা মোহাম্মদ এল বারাদি এবং ‘আরব বসন্তের’ অন্যতম সংগঠক ওয়েল গনিম আছেন।
টু্ইটার আশা করছে, স্বয়ংক্রিয় এই অনুবাদ টুল আন্তর্জাতিক ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে।
২ জুলাই রাতে বিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির শেষ টুইটটি প্রকাশিত হয়। সেখানে মুরসি বলেন, তার পদ সাংবিধানিক। আর সে কারণে তিনি সামরিক বাহিনীর অসাংবিধানিক আচরণকে সমর্থন দিচ্ছেন না।
