শিক্ষাক্ষেত্রেও আগ্রহী ইনটেল : জিয়া মনজুর
কেবল ডিভাইস নয়, জ্ঞানভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে মাইক্রোপ্রসেসর নির্মাতা ইনটেলের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির বাংলাদেশে বাণিজ্য ব্যবস্থাপক জিয়া মনজুর।
শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে ‘এডুকেশন ট্যাব’ নামের একটি সুলভ মুল্যের অ্যটম প্রসেসরভিত্তিক ট্যাবলেট মডেল নিয়ে কাজ করছে ইনটেল। কেবল ট্যাবলেট নয়, জ্ঞানভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে মাইক্রোপ্রসেসর নির্মাতা ইনটেলের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির বাংলাদেশে বাণিজ্য ব্যবস্থাপক জিয়া মনজুর।
বাংলাদেশের বাজারে চতুর্থ প্রজন্মের কোর প্রসেসর নিয়ে এসেছে ইনটেল। ৬ জুলাই লঞ্চিং অনুষ্ঠানের পর সংবাদকর্মীদের সঙ্গে এক আড্ডায় বাংলাদেশে ইনটেল এর কার্যক্রম নিয়েও আলোচনা করেন জিয়া। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থসেবা এবং শিক্ষায় বৃহত্তর উন্নয়নের জন্য এই দেশে ইনটেলের পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।
“সারা বিশ্বের মতোই বাংলাদেশেও বিভিন্ন সময়ে স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের কাছে প্রযুক্তির নিত্যনতুন খবরাখবর নিয়ে প্রতিনিয়তই বিভিন্ন সেমিনারের আয়োজন করি আমরা। এছাড়াও, ঢাকার বাইরে শিশুদের জন্য কম্পিউটিংয়ের হাতেখড়ি নিয়েও প্রায়ই কর্মশালার আয়োজন করা হয় আমাদের তরফ থেকে।” বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ইনটেল এর জ্ঞানভিত্তিক কার্যক্রমের কথা এভাবেই তুলে ধরেন জিয়া।
জিয়া জানান, স্বাস্থ্যসেবা খাতে এরইমধ্যে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সঙ্গে এক যৌথ উদ্যোগে বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের জন্য প্রশিক্ষণভিত্তিক একটি পদক্ষেপ নিয়েছে ইনটেল। ‘SKOOOL’ নামের ওই লার্নিং প্ল্যাটফর্মের আওতায় নতুন ধরনের একটি ডিভাইস নিয়ে কাজ করছেন তারা। জিয়ার ভাষ্যে, “স্বাস্থ্য সেবা খাতে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিদিনই নতুন নতুন হেলথ কেয়ার কন্টেন্ট তৈরি হচ্ছে। আমাদের এই ডিভাইসটি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে এর মাধ্যমে স্বাস্থকর্মীরা এই সব কন্টেন্ট নিয়ে নিয়মিতই আপডেটেড থাকতে পারেন। এতে করে তারা সহজেই স্বউদ্যোগে এসব ব্যাপারে প্রশিক্ষিত হতে পারবে। ডিভাইসটির কাজ এখনও প্রাথমিক অবস্থায় রয়েছে।”
