জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্স
বিডিনিউজ২৪-এর টেক পেইজের পাঠকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার হিসেবে উঠে এসেছে মজিলা ফায়ারফক্সের নাম।
এক জরিপের ফলাফলে জানা যায়, অনলাইন পাঠকদের মধ্যে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ফায়ারফক্স। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে পছন্দের ব্রাউজার কোনটি, তা জানতে এক জরিপ চালানো হয়েছিল বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমের প্রযুক্তি পেইজে। জরিপের শুরু থেকেই শীর্ষস্থানটি ধরে রেখেছিল ফায়ারফক্স।
জরিপে ভোট দেন বিডিনিউজ২৪-এর দুই হাজারেরও বেশি পাঠক। এতে ৫৩ শতাংশ পাঠকের ভোট পেয়ে শীর্ষস্থানটি দখল করে নেয় ফায়ারফক্স। ৪১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে টেক জায়ান্ট গুগলের তৈরি ওয়েব ব্রাউজার গুগল ক্রোম।
ওই জরিপে পাঠকরা স্বেচ্ছায় অংশ নেন।
আর পছন্দের ওয়েব ব্রাউজারের তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে অপেরা ও সাফারি। তবে ফায়ারফক্স আর ক্রোমের সঙ্গে অপেরা-সাফারির জনপ্রিয়তায় পার্থক্য এক কথায় বলতে গেলে আকাশ পাতাল। ৪ শতাংশ ভোট পেয়েছে অপেরা, সাফারি পেয়েছে ২ শতাংশ ভোট।
