৪র্থ প্রজন্মের প্রসেসর আনল ইনটেল
বাংলাদেশের বাজারে ইনটেল আনল ৪র্থ প্রজন্মের কোর প্রসেসর, যা ব্যাটারি লাইফ বাড়াচ্ছে আগের তুলনায় ৫০ ভাগ এবং এর গ্রাফিক্স কর্মক্ষমতা আগের তুলনায় দ্বিগুণ।
চিপ জায়ান্ট ইনটেল বাংলাদেশের বাজারে আনল চতুর্থ প্রজন্মের ইনটেল কোর প্রসেসর পরিবার, যা পারসোনাল কম্পিউটিংয়ের গতি আগের তুলনায় বাড়াবে। শনিবার এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি জানিয়েছে, চতুর্থ প্রজন্মের ইনটেল কোর প্রসেসর দিচ্ছে দীর্ঘ ব্যাটারি লাইফ ও আগের তুলনায় উন্নত গ্রাফিক্স।
ইনটেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়া মনজুর আনুষ্ঠানিকভাবে দেশে এ প্রযুক্তির শুভ সূচনা করেন।
“এই প্রথম একটি প্রসেসর সিরিজ উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার থেকে শুরু করে হ্যান্ডহেল্ড ডিভাইস পর্যন্ত ব্যবহার করা যাবে।” বলা হয় অনুষ্ঠানে।
“এই চিপ আল্ট্রাবুকের ভিত্তি হিসেবে কাজ করছে। আর ইনটেল সেন্ট্রিনো এবং চতুর্থ প্রজন্মের কোর প্রসেসর একসঙ্গে কম্পিউটারের কর্মক্ষমতা বৃদ্ধি করে যুক্ত করেছে ট্যাবলেট মোবিলিটি, ইনটেল টু-ইন-ওয়ান ডিভাইস প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ পরিবর্তন।” বলেন জিয়া মনজুর।
জিয়া মনজুর আরও বলেন, “ইনটেল ৪র্থ প্রজন্মের কোর প্রসেসর উল্লেখযোগ্য ব্যাটারি লাইফ প্রদান করে, যা ইনটেলের একটি নজিরবিহীন অর্জন।”
