জবনিকে কিনে নিচ্ছে ইয়াহু
ই-মেইলের কন্টাক্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জবনি কেনার ঘোষণা দিয়েছে ইয়াহু, যার মূল্য হতে পারে ৩ থেকে ৪ কোটি ডলার।
একই সপ্তাহে দ্বিতীয়বারের মতো একটি বড় অংকের কেনাকাটা করার ঘোষণা দিয়েছে ইন্টারনেটে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়াহু। এবার প্রতিষ্ঠানটি কিনে নিচ্ছে ই-মেইলে সেবাদানকারী প্রতিষ্ঠান জবনি। প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়াহু একটি ঘোষণার মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
জবনি তাদের নিজস্ব ব্লগে এ ঘোষণার সত্যতা মেনে নিয়েছে। প্রতিষ্ঠানটির মূল্য নির্ধারণ হতে পারে ৩ থেকে ৪ কোটি ডলার।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, শীঘ্রই ব্যবহারকারীরা ইয়াহুর মাধ্যমে জবনি ব্যবহার করতে পারবেন।
জবনি সফটওয়্যারের উদ্দেশ্য হচ্ছে সহজে ই-মেইলের সব কন্টাক্ট অনুসন্ধান করা।
এটি ব্যবহারকারীকে স্মার্ট ইনবক্স এবং কন্টাক্ট ই-মেইল, টেক্সট অথবা কল বিনিময় করার সুবিধা দেয়।
