২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইশারায় বিভ্রান্ত রোবট আসিমো

হোন্ডার গাইড রোবট আসিমো প্রদর্শনীর প্রথম দিনই ঠিকভাবে বাহুর ইশারা অনুসরণে ব্যর্থ হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজিজি ফাওমি খান, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 11:57 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

প্রদর্শনীর প্রথম দিনই ঠিকভাবে বাহুর ইশারা অনুসরণে ব্যর্থ হল গাড়ি নির্মাতা হোন্ডার গাইড রোবট আসিমো। সংবাদমাধ্যম বিবিসি জানায়, টোকিওর মিরাইকান বিজ্ঞান জাদুঘরে আগামী চার সপ্তাহের জন্য আসিমোর ট্যুর গাইড হিসেবে কাজ করার কথা।

জাদুঘরে আসা দর্শকদের নড়াচড়া লক্ষ করতে সমস্যা হচ্ছিল আসিমোর। কে প্রশ্ন করার জন্য হাত তুলেছে, আর কে হাত তুলে ছবি তুলছে, তার পার্থক্য করতে পারছিল না সে। এমনকি কেউ কথা বললেও সে বুঝতে পারছিল না। আসিমোর টাচস্ক্রিন প্যানেলে ১শ’ প্রশ্ন প্রোগ্রাম করা ছিল।

কিন্তু প্রশ্ন করা হলে সে বারবার বলছিল, “কে আসিমোকে প্রশ্ন করতে চায়?”

১৯৯৬ সাল থেকে আসিমোকে নিয়ে কাজ করা হচ্ছে। মূলত রোবটকে সামাজিক করে তোলার একটি পদক্ষেপ ছিল এটি। রোবটটির বর্তমান অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে হোন্ডার রোবট বিশেষজ্ঞ সাটোশি সিগেমি বলেন, “একটি বাচ্চা হাত নাড়লে সে বুঝতে পারে, কিন্তু হাত নাড়ার অর্থ বুঝতে পারে না।”