কম্পিউটার মাউস আবিষ্কারকের মৃত্যু
কম্পিউটার মাউসের আবিষ্কারক ডগলাস ইঙ্গেলবার্ট মঙ্গলবার রাতে ৮৮ বছর বয়সে মারা গেছেন।
কিডনির অকার্যকারিতার কারণে ইঙ্গেলবার্ট মারা যান বলে জানিয়েছেন তার মেয়ে গেরদা।
১৯৬০-এর দশকে প্রথম তিনি মাউস আবিষ্কার করেছিলেন। তার তৈরি প্রথম মাউসের বাইরে অংশটি ছিল কাঠের তৈরি এবং এর ভেতরে দু’টি ধাতব চাকা বসানো ছিল। মাউসের ব্যাপক ব্যবহার শুরু হওয়ার আগেই এর প্যাটেন্ট করিয়েছিলেন তিনি।
১৯৬৮ সালেতিনি প্রথম মাউসের ব্যবহার দেখান। কিন্তু মাউস ব্যাপকভাবে ব্যবহার শুরু না হতেই ১৯৮৭ সালে এর প্যাটেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ যুগান্তকারী আবিষ্কারের মধ্য দিয়ে অর্থ উপার্জন করতে পারেননি ইঙ্গেলবার্ট।
যুক্তরাষ্ট্রে অরেগন রাজ্যের পোর্টল্যান্ডে ১৯২৫ সালে জন্মগ্রহণ করেছিলেন ইঙ্গেলবার্ট। তারা বাবা ছিলেন রেডিও মেকানিক এবং মা ছিলেন গৃহবধূ।
অরেগন স্টেট বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পড়াশুনা করেন ইঙ্গেলবার্ট।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি রাডার টেকনিশিয়ান হিসাবে কাজ করেছিলেন।
