ব্রিটিশ এয়ারওয়েজে ইলেকট্রনিক ট্যাগ
বিমানযাত্রীদের জন্য ইলেকট্রনিক পেপারে তৈরি লাগেজ ট্যাগ পরীক্ষা করছে ব্রিটিশ এয়ারওয়েজ।
ইলেকট্রনিক পেপারে তৈরি লাগেজ ট্যাগের প্রচলন ঘটাতে চলেছে ব্রিটিশ এয়ারওয়েজ। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, প্রকল্পটি সফল হলে ২০১৪ সালেই চলে আসবে এই ট্যাগ।
নির্মাতারা জানান, স্মার্টফোনের মাধ্যমে সহজেই তথ্য প্রদান করা যাবে এই ট্যাগগুলোতে। যদিও এখন কম খরচে কিওস্ক থেকে নিজেদের লাগেজ ট্যাগ প্রিন্ট করিয়ে নিতে পারেন যাত্রীরা। কিন্তু তা অনেক বেশি সময়সাপেক্ষ এবং এতে অনেক ধরনের কাগজপত্রের প্রয়োজন পড়ে। তাই খরচ একটু বেশি পড়লেও ই-ট্যাগ সময় বাঁচিয়ে দেবে। আর তাছাড়া এটি ব্যবহার করা যাবে একাধিকবার।
‘ই-ট্যাগ’-এর আয়ু থাকবে পাঁচ বছর। এর কেসিংয়ের নকশা করেছে ডিজাইনওয়ার্কস নামে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিটি জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী নির্মাতারা।
