টুইটার-ফেইসবুকে কটুক্তি শাস্তিযোগ্য
ফেইসবুক-টুইটারে কটুক্তি বা অপমানজনক মন্তব্য এখন গ্রেনাডা দ্বীপপুঞ্জে শাস্তিযোগ্য অপরাধ ।
টুইটার আর ফেইসবুকের মতো সোশাল মিডিয়ায় ব্যবহারকারীদের কথা কাটাকাটি, কটুক্তি থেকে শুরু করে ঝগড়াঝাটিতে পরিণত হওয়ায় একরকম বিরক্ত হয়েই পুরো নতুন এক আইন করে বসেছেন গ্রেনাডা দ্বীপপুঞ্জের আইনপ্রণেতারা। প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন অনুযায়ী, গ্রেনাডা দ্বীপপুঞ্জের নতুন আইনে, ফেইসবুক-টুইটারে কটুক্তি বা অপমানজনক মন্তব্য এখন শাস্তিযোগ্য অপরাধ।
সিনেটের প্রতিবেদন অনুযায়ী, সোশাল মিডিয়ায় কটুক্তি বা অপমানজনক মন্তব্যের জন্য গুনতে হতে পারে ৩৭ হাজার ডলার জরিমানা। তিন বছরের কারাবাসের বিধানও রয়েছে গ্রেনাডার নতুন আইনে।
বাকস্বাধীনতার সুযোগ নিয়ে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে অনেকেই এমন আচরণ বা মন্তব্য করে থাকেন যা, কারও কারও কাছে অপমানজনক। বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনাগুলো মোড় নেয় পুরোদস্তুর ‘কমেন্ট বা পোস্ট যুদ্ধে’। এই ঘটনাগুলো এড়াতে শেষ পর্যন্ত নতুন আইনপ্রণয়ন করেছেন গ্রেনাডার আইনপ্রণেতারা।
এ ব্যাপারে গ্রেনাডার আইনমন্ত্রী এলভিন নিমরড বলেন, ‘প্রযুক্তির সুযোগ নিয়ে যখন কেউ কোনো অপকর্মে মেতে ওঠে, তখন নানা জটিলতায় পড়তে হয় আমাদের।’
শুনতে বেশ সহজ বা মজার শোনালেও নতুন আইনটি বানানোর সময় গ্রেনাডা কতৃপক্ষ কোনো ফাঁক রাখেননি বলা চলে। নতুন আইনের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানকেও বিবেচনা করা হবে একক ব্যক্তি হিসেবে। অর্থাৎ, সোশাল মিডিয়ায় প্রতিদ্ব›দ্বী প্রতিষ্ঠানকে লক্ষ করে কোনো কটুক্তি করলে তার জন্যও হতে পারে জেল জরিমানা।
