২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হচ্ছে আল্টাভিস্তা

পৃথিবীর অন্যতম প্রথম সার্চ ইঞ্জিন আল্টাভিস্তা ৮ জুলাই বন্ধ করে দিচ্ছে এর বর্তমান মালিক ইয়াহু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2013, 12:55 PM

Updated : 25 Apr 2022, 06:56 PM

গুগলের আগেও ওয়েব সার্চ ছিল এবং সে সময় অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন ছিল আল্টাভিস্তা। আসছে ৮ জুলাই পৃথিবীর অন্যতম প্রথম এ সার্চ ইঞ্জিনটি বন্ধ হয়ে যাচ্ছে। সার্চ ইঞ্জিনটির বর্তমান মালিক ইয়াহু কর্পোরেশনের একটি ব্লগপোস্টের বরাত দিয়ে সংবাদ সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে।

১৯৯৫ সালে যাত্রা শুরু করে সার্চ ইঞ্জিনটি। তবে আল্টাভিস্তা সাইটটি বন্ধ হয়ে যাওয়ার পর যে কেউ এটি খুঁজতে চাইলে তা সরাসরি ইয়াহু সার্চ পেইজে নিয়ে যাবে।

সার্চ ইঞ্জিন আল্টাভিস্তা তৈরির পেছনে কাজ করেন আমেরিকান বিজ্ঞানী পল ফ্ল্যাহ্যার্টি, লুইস মনিয়ার এবং ব্রিটন মাইকেল বোরোস। তারা ‘ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন’ নামে একটি গবেষণা প্রতিষ্ঠানে একত্রে কাজ করছিলেন।

১৯৯৮ সালে পিসি নির্মাতা কমপ্যাক সাইটটি কিনে নেয় এবং ১৯৯৯ সালে তা বিক্রি করে দেয়। ২০০৩ সালে ইয়াহু কর্পোরেশন কিনে নেয় আল্টাভিস্তাকে।