ফেইসবুক হেডকোয়ার্টারে শেয়াল পরিবার
ক্যালিফোর্নিয়ার ফেইসবুক হেডকোয়ার্টারে একটি শেয়াল পরিবার বাসা বাঁধায় ন্যাশনাল ওয়াইল্ডলাইফ ফেডারেশন ফেইসবুককে ‘সার্টিফাইড ওয়াইল্ডলাইফ হ্যাবিটেড’ হিসেবে ঘোষণা করেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত ফেইসবুক হেডকোয়ার্টারে বাসা বেঁধেছে এক ধূসর শেয়াল দম্পতি এবং তাদের তিনটি ছানা। টুডে ডটকম জানিয়েছে তাদের দুষ্টুমিতে বেশ জমজমাট হয়ে উঠেছে ফেইসবুকের অফিসপাড়া।
হেডকোয়ার্টারের মধ্যে ওই শেয়াল পরিবারের উপস্থিতি একটি ভিন্নধর্মী পরিবেশ সৃষ্টি করেছে, যা সাধারণত কোনো অফিসের ক্ষেত্রেই চোখে পড়ে না। শেয়ালের বাচ্চাগুলো ফেইসবুক অফিসের এলাকাতেই বড় হচ্ছে। আর অফিসটিকে নিজেদের বাড়ি হিসেবেই ধরে নিয়েছে তারা।
প্রাণীগুলো ওই অফিসে কর্মরত সবার কাছেই খুব প্রিয় হয়ে উঠেছে। এমনকি শেয়াল পরিবারটিকে নিয়ে একটি ফেইসবুক পেইজও খোলা হয়েছে, যেখানে সবাই তাদের ছবি এবং ভিডিও শেয়ার করতে পারবে।
ওই পেইজে ২৫ জুন পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার অফিস কক্ষের জানালার পাশে বসে থাকা ছোট শেয়ালটির ছবি তুলছেন। ছবিটির নিচে লেখা ছিল ‘জাকের মিটিং ভেস্তে দিয়েছে এফবির শেয়ালেরা’। ছবিটি পোস্ট করার তিনদিনের মধ্যেই এর লাইকের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যায়।
ফেইসবুকে কর্মরত সবাই বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছে শেয়াল পরিবারের উপস্থিতির সঙ্গে। সেখানে কেউই শেয়াল পরিবারটিকে তাড়া করে না কখনও। আর তাই ন্যাশনাল ওয়াইল্ডলাইফ ফেডারেশন সম্প্রতি ফেইসবুককে ‘সার্টিফাইড ওয়াইল্ডলাইফ হ্যাবিটেট’ হিসেবে ঘোষণা করেছে।
এলেক্সিস স্মিথ, যিনি ফেইসবুকে শেয়ালগুলোকে নিয়ে পেইজ খুলেছেন, তিনি বলেন, “শেয়ালগুলোর উপস্থিতি সবাইকে যেভাবে প্রভাবিত করেছে, তা আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকে তাদের এত যত্ন করছে যে, শেয়ালগুলো আমাদের অফিস ক্যাম্পাসকেই নিজেদের ঘর বানিয়ে নিয়েছে।”
ফেইসবুকে পেইজটির জনপ্রিয়তাও বাড়ছে খুব দ্রুত। এক সপ্তাহের মধ্যেই পেইজটির লাইকের সংখ্যা ১৭,০০০ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৪,০০০।
