সাইবার আক্রমণের মুখে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের সরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রতি মাসে চালানো হয় প্রায় ৭০টি সাইবার আক্রমণ, যার অধিকাংশই করে বিদেশি হ্যাকাররা।
ক্রমাগত সাইবার হামলার কারণে যুক্তরাজ্যের ব্যবসায় প্রতিষ্ঠানগুলো চরম হুমকির মুখে রয়েছে। দেশটি প্রতিনিয়তই সাইবার হুমকির মধ্যে আছে, এমনই তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থা বিবিসি।
প্রতি মাসে যুক্তরাজ্যের সরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে চালানো হয় প্রায় ৭০টি সাইবার আক্রমণ। এর ফলে ব্যবসার গোপন তথ্য চুরি হয়ে যাচ্ছে, এমনই মন্তব্য করেছেন জিসিএইচকিউর পরিচালক ইয়ান লোবান।
লোবান আরও বলেন, বিদেশি হ্যাকাররা বিগত দুই বছর ধরে এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে।
বিদেশি তথ্য সেবা কেন্দ্রগুলো এসব আক্রমণের পেছনে রয়েছে, এমনটি জানিয়েছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৫। সন্ত্রাসী হুমকিগুলোর পাশাপাশি সাইবার আক্রমণ নিয়ে কাজ করছে এমআই৫।
ব্রিটিশ টেলিকমের চেয়ারম্যান এবং লবিয়িং গ্রুপ সিবিআইয়ের প্রেসিডেন্ট স্যার মাইকেল রেক বিবিসিকে জানিয়েছেন, তারা এই হুমকির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছিলেন।
এসব সাইবার আক্রমণের পেছনে কারা রয়েছে, এমআই৫ ও জিসিএইচকিউয়ের জানা থাকলেও তা প্রকাশ করতে অসম্মতি জানিয়েছে তারা।
