মহাকাশেও পেপাল!
অনেকের কাছে অবাস্তব শোনালেও, মহাকাশেও পণ্য কেনার সুযোগ করে দিচ্ছে ইন্টারনেটে অর্থ লেনদেন সেবাদাতা পেপাল।
ইন্টারনেটভিত্তিক অর্থ লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপাল সম্প্রতি ঘোষণা দিয়েছে, তারা মহাকাশেও পণ্য কেনার সুযোগ কওে দেবে! ভার্জিন গ্যালাকটিক এবং স্পেস এক্সের মতো প্রতিষ্ঠানের গো-টু-মার্স প্রকল্প এখন বাস্তবতার কাছাকাছি বলেই পেপাল এ রকম লেনদেনের কথা ভাবছে, এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্তের কথা এখন অনেকের কাছে অবাস্তব শোনালেও পেপাল বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।
পেপালের প্রেসিডেন্ট ডেভিড মার্কাস এ প্রসঙ্গে জানিয়েছেন, তাদের কাছে এ বিষয়ে অনেক প্রশ্নেরই উত্তর নেই। কিন্তু বিষয়টি পরিষ্কার যে, মহাকাশে কোনো অর্থ ব্যবহারের সুযোগ নেই।
মার্কাস আরও জানিয়েছেন, তারা অনুভব করছেন এখন থেকেই এ বিষয়টি নিয়ে চিন্তা শুরু করা উচিত এবং বিভিন্ন খুঁটিনাটি ব্যাপার সম্পর্কে জানা উচিত।
ইবের মালিকানাধীন পেপাল এ বিষয়টি নিয়ে কাজ করার জন্য দুটি বড় গ্রুপের সঙ্গে যোগ দিচ্ছে। গ্রুপ দুটির একটি হল ‘সার্চ ফর এক্সট্রাটেরিস্টিয়াল ইন্টেলিজেন্স (সেটি) ইন্সটিটিউট’ এবং অন্যটি হচ্ছে ‘স্পেস টুরিজম সোসাইটি’।
