পানি বিশুদ্ধকরণে টাইনি চ্যানেল
পৃথিবীর যেসব অংশে খাবার পানির ঘাটতি রয়েছে সেখানে বিশুদ্ধ খাবার পানির সম্ভাবনার কথা জানাচ্ছেন দুই গবেষক।
পৃথিবীর যেসব অংশে খাবার পানির ঘাটতি রয়েছে সেখানে বিশুদ্ধ খাবার পানির সম্ভাবনার কথা জানাচ্ছেন দুই গবেষক। প্রযুক্তিসংবাদবিষয়ক সাইট ম্যাশএবলের এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন ও জার্মান দুই গবেষক সমুদ্রের পানিকে লবণমুক্ত করার সাশ্রয়ী পদ্ধতি আবিষ্কার করেছেন।
এই পদ্ধতিতে লবণাক্ত পানিকে একটি চিপের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয় যা খুব অল্প বিদ্যুতে চার্জিত থাকে। ওই চার্জ পানি থেকে লবনকে আলাদা করে ফেলে। এর ফলে ফিল্টার ব্যবহারের খরচ কমে যাবে বলে দাবি করেছেন অস্টিনরে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের রিচার্ড ম. ক্রুক ও জার্মানির মারবুর্গ বিশ্ববিদ্যালয়ের উলরিচ টালারেক। তারা দুজন ওই পদ্ধতির উদ্ভাবক।
ম্যাশএবলের প্রতিবেদনে বলা হয়েছে, চিপে এই চ্যানেলের দুটি শাখা থাকবে, যেগুলো প্রস্থে ২২ মাইক্রোন, যা ইলেকট্রোড এর সঙ্গে যুক্ত থাকবে। এটি লবণাক্ত পানিকে তুলে শাখা দুটিতে ছড়িয়ে দেবে। এখানে তিন ভোল্টের ইলেকট্রোড ব্যবহার করা হবে, যা বিপরীত চার্জযুক্ত ক্লোরাইড আয়নকে নিরপেক্ষ ক্লোরিনে পরিণত করবে। এগুলো ইলেকট্রনিক ক্ষেত্র বৃদ্ধি করবে এবং দুটি চ্যানেলের মধ্যে গ্রেডিয়েন্ট তৈরি করবে। এই গ্রেডিয়েন্ট একটি চ্যানেলে আয়ন নিঃসরণ করবে এবং অপরটিতে বিশুদ্ধ পানি প্রবাহিত হবে।
সমুদ্রতীরবর্তী যেসব এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে সেখানে এই পদ্ধতি প্রয়োগ করা যাবে বলে গবেষকরা দাবি করেছেন। এমন এলাকার মধ্যে রয়েছে সৌদি আরব উপদ্বীপ এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ।
