বুর্জ খলিফা দেখাচ্ছে গুগল
পৃথিবীর সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফা দেখার সুযোগ করে দিয়েছে সার্চ জায়ান্ট গুগলের অ্যাডভান্সড স্ট্রিট ভিউ সার্ভিস। সংবাদ সংস্থা এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল ইতিমধ্যে সর্বোচ্চ ভবনটির বিভিন্ন অংশের দৃশ্যের অ্যালবাম প্রকাশ করেছে ইন্টারনেটে।
ছবিগুলোর মাধ্যমে ১২৪ তলায় অবজারভেশন ডেকে ভ্রমণকারীদের জড়ো হওয়া এবং অ্যাপার্টমেন্টে বসবাসকারীদের বিলাসবহুল ব্যবস্থা সম্পর্কে আভাস পাওয়া যায়। এছাড়া দেখা যায়, ভবনটির ৭৬ তলায় অবস্থিত সবচেয়ে উঁচু সুইমিং পুলটিও।
গুগল এসব তথ্য সংগ্রহের জন্য স্ট্রিট ভিউ গাড়ি ব্যবহার করেনি। এ জন্য গুগল ব্যবহার করেছে ট্রলি এবং ট্রেকার। এর আগে ট্রলির মাধ্যমে গুগল পৃথিবীর বিভিন্ন জাদুঘরের ছবি সংগ্রহ করে এবং ট্রেকার যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ও প্রশান্ত মহাসাগরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের প্রাকৃতিক দৃশ্যের ছবি সংগ্রহ করেছে।
