২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকের বাগ মেরামত

ফেইসবুকের ব্যক্তিগত তথ্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের কাছে প্রকাশের ঝুঁকিবাহী বাগটি ঠিক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদ আব্দুল ওয়ালী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 12:36 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

সম্প্রতি ফেইসবুক ব্যবহারকারীদের কিছু ব্যক্তিগত তথ্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের কাছে প্রকাশের ঝুঁকি ছিল।  তবে বাগটি শনাক্ত হওয়ার পরে তা মেরামত করে প্রতিষ্ঠানটি। সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, ফেইসবুকের ৬০ লাখ ব্যবহারকারী ওই বাগটির ঝুঁকিতে ছিলেন।

ফেইসবুকের ‘ডাউনলোড ইয়োর ইনফরমেশন’ নামের টুলে ওই বাগটি ছিল বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে ফেইসবুক। ওই টুলে ফেইসবুক ব্যবহারকারীর সংরক্ষিত তথ্যের মধ্যে টাইমলাইন এবং বিভিন্ন সময়ে বন্ধুদের সঙ্গে আলাপ অন্যতম।

অনেক ফেইসবুক ব্যবহারকারীই তাদের ফ্রেন্ড লিস্ট বা অ্যাড্রেস বুক ফেইসবুক থেকে ডাউনলোড করেন। সে সময়ে রাখা রেকর্ডই বেহাত হওয়ার ভয় ছিল বলে জানিয়েছে ফেইসবুক।

ফেইসবুকে ব্যবহারকারীর যোগাযোগের তথ্য সীমিত আকারে উন্মুক্ত থাকে। ব্যবহারকারীর ফোন নাম্বার এবং ই-মেইল ঠিকানা সব অনলাইন ব্যবহারকারীর জন্য উন্মুক্ত থাকে না।

ফেইসবুকের বাগটি আবিষ্কার করেন একজন নিরাপত্তা গবেষক। তিনি ফেইনবুকের হোয়াইট হ্যাট প্রোগ্রামের আওতায় বিষয়টি ফেইসবুকের নজরে আনেন। ওই প্রোগ্রামের আওতায় কেউ ফে‌ইসবুকের কোনো ত্রুটি ধরিয়ে দিতে পারলে ৫০০ মার্কিন ডলার বা তার চেয়ে বেশি পরিমাণ অর্থ পুরস্কার পান।